মূল লেখায় যান
হিকমাহHikmah
প্রবন্ধ

একটি লাভজনক ব্যবসা!

৪ মিনিটে পড়ুন৩১ জুলাই ২০২১
একটি লাভজনক ব্যবসা! আমরা সবাই ব্যবসা করি, সুযোগ খুঁজি কোন জায়গায় ব্যবসা করলে ভালো লাভ হবে, কোন জায়গায় বিনিয়োগ করলে সত্যিকার অর্থেই আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। অথচ আল্লাহর সাথে কেউ ব্যবসা করতে চাইনা। চাইনা আখিরাতে আমাদের জীবনটা নিরাপদ থাকুক।মানুষকে এসব বললে আরো হাসে, কৌতুক করে।

আল্লাহর সাথে ব্যবসা করেছিলেন সাহাবী আবু দারদা (রাঃ)। একবার রাসূল (সঃ) এর কাছে এক এতিম এসে বলল, ইয়া রাসূলুলাহ! আমার একটি বাগান আছে, আমি সেই বাগানের চারদিকে দেয়াল দিতে চাই। কিন্তু আমার বাগানের সীমায় আরেক ব্যক্তির একটা খেজুর গাছ পড়েছে যার জন্য আমি দেয়াল দিতে পারছি না। সে খেজুর গাছটি আমাকে বিক্রিও করছে না। রাসূল (সঃ) সে লোককে ডাকলেন, সে ছিল একজন মুনাফিক। রাসূল (সঃ) তাকে বললেন, তুমি গাছটি আমাকে বিক্রি করো আমি তোমাকে জান্নাতে একটি গাছের প্রতিশ্রুতি দিচ্ছি, যে গাছের ছায়ায় হাঁটতেও ১০০ বছর সময় লাগবে। কিন্তু সে বিক্রি করলো না। এ সময় রাসূলের সাথে ছিলেন আবু দারদা (রাঃ)। তিনি রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ! যদি আমি গাছটি কিনি তাহলে আমার জন্যও কী জান্নাতে এমন একটি গাছ থাকবে? রাসূল (সঃ) জবাব দিলেন, হ্যাঁ তোমার জন্যও একটি গাছের প্রতিশ্রুতি দিলাম।

আবু দারদা (রাঃ) সেই লোকের কাছে গিয়ে গাছটি কিনতে চাইলেন। মুনাফিক জবাব দিল, আমি আল্লাহর নবীকে যে গাছ বিক্রি করিনি এখন সেটা তোমাকে বিক্রি করবো? আবু দারদা বললেন, তুমি কী আমাকে চেনো? লোকটি বলল, তোমাকে কে না চেনে, তোমার বিশাল বাগানের কথা কে না জানে, ৬০০ গাছ, সুমিষ্ট পানীয়, বাড়ী। আবু দারদা বললেন, তুমি যদি আমাকে গাছটি বিক্রি করো তাহলে আমার পুরো বাগানটিই তোমার। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার সাথে মজা করছেন? আবু দারদা বললেন, না আমি সত্যি বলছি, তুমি আমার পুরো বাগানের বিনিময়ে গাছটি আমাকে বিক্রি কর।

এই ঘটনা রাসূল ওহীর মাধ্যমে জেনে গেলেন। তিনি আবু দারদাকে বললেন, আমি তো তোমাকে একটি গাছের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমি দেখছি তোমার পুরো জান্নাত খেজুর গাছে ভরে গেছে। আবু দারদা সেসময় তাঁর স্ত্রীর কাছে গেলেন। তাঁর স্ত্রী বাগানে কাজ করছিলেন। আবু দারদা বললেন, বাগান থেকে বেরিয়ে আসো, এই বাগান আমি জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি, যে গাছের ছায়া ধরে হাঁটতেও ১০০ বছর লাগবে। আবু দারদার স্ত্রী বললেন, কি উত্তম ব্যবসা! কি উত্তম ব্যবসা! উলামারা বলেন, এরপর আবু দারদা আর তাঁর স্ত্রী খুব গরীব হয়ে গিয়েছিলেন, এরপরও তারা আনন্দিত থাকতেন তাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের কথা ভেবে। আল্লাহু আকবর!

আজ আমাদের সমস্ত কিছু দুনিয়াকে কেন্দ্র করে। আমাদের ধন, সম্পদ, আমাদের সঞ্চয়, আমাদের অট্টালিকা সব দুনিয়াতেই। যে কারণে আমরা কেউ মরতে চাইনা, মৃত্যুকে ভয় পাই।

খলিফা সুলায়মান ইবনু আবদুল মালিক একবার এক তাবিয়িন আলেমের সাথে ছিলেন। তিনি আলেমকে জিজ্ঞেস করলেন, আমরা মৃত্যুকে ভয় পাই কেন? কেন কেউ মরতে চাইনা?

আলেম উত্তর দিলেন, "ইয়া আমিরুল মুমিনীন! আমরা সবাই দুনিয়াতেই আবাদ করি, আর আখিরাতকে আবাদশূন্য ফেলে রাখি, দুনিয়া বিনির্মাণ করি আর আখিরাতকে করি ধ্বংস। সেজন্যই আমরা মৃত্যুকে ভয় পাই। কারণ কেউ যা নির্মাণ করা হয়েছে সেটা ফেলে যা সে নিজের হাতে ধ্বংস করেছে সেখানে যেতে চায়না।"

যারা আবু দারদার মত জান্নাতে বাগান কিনেছে, যারা উমরের মত জান্নাতে হীরার বাড়ী কিনেছে, তারা সবসময় উদগ্রীব থাকে কবে এই দুনিয়া ছাড়বে, কবে তাদের নির্মিত প্রাসাদে যাবে, কবে আখিরাতে তাদের অর্জিত সম্পদ ভোগ করবে।

বিলাল (রাঃ) যখন শেষ সময়ে তখন উনার কষ্ট দেখে উনার স্ত্রী বলে উঠলেন, আহা! কী কষ্ট আপনার! জবাবে বিলাল (রাঃ) বলেছিলেন, কিসের কষ্ট! বরং আজ তো আমার আনন্দ! একটু পরেই আমি আমার রাসূলের সাথে মিলিত হতে যাচ্ছি, আমার সাথীদের সাথে মিলিত হতে যাচ্ছি।

সুতরাং পুরো দুনিয়া আমাদের অধীনে দিয়ে দেওয়া হলেও সত্যিকারের সুখ পেতে হলে আমাদের এমন কোথাও যেতেই হবে যেখানে দুনিয়ার সীমাবদ্ধতাগুলো নেই, দুঃখ নেই, কষ্ট নেই, মন খারাপ নেই, রোগ বালাই নেই, যেখানে সবকিছু পারফেক্ট, এবসলিউটলি পারফেক্ট। আর সেই জায়গা হলো-- জান্নাত।

ইমাম আহমাদ (রহঃ) এর ছেলে একদিন জিজ্ঞেস করল, "আমরা শান্তি পাব কবে?"। ইমাম আহমাদ জবাব দিলেন, "জান্নাতে আমাদের প্রথম কদমটি রাখার পর থেকে।"

তাই আসুন আমরা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবন অপেক্ষা বেশি গুরুত্ব দেই এবং আখিরাতমুখী জীবন গড়ে তুলি। দুনিয়ায় জালেমদের জুলুমকে ভয় না করে সৎ কাজের আদেশ করি ও অসৎ কাজের নিষেধের মাধ্যমে পরিপূর্ণ ইসলামকে তথা খিলাফতকে বাস্তবায়নের চেষ্টা করি।

আল্লাহ যেন আমাদেরকেও আবু দারদার মত লাভবান ব্যবসা করার তৌফিক দেন। আমাদের অন্তরগুলোকে যেন আখিরাতের সাথে বেঁধে দেন। আমাদের যেন আখিরাতের জন্য সঞ্চয় করার, আখিরাতে প্রাসাদ বানানোর তৌফিক দেন। আমীন।

✦আরও পড়ুন

সব দেখুন
প্রবন্ধ

শীঘ্রই ইহুদিরা পরাজিত হবে এবং জেরুজালেম ইসলামী খিলাফতের রাজধানী হবে ইনশাআল্লাহ

ফিলিস্তিন হল মসজিদ আল-আকসার বাড়ি, মক্কার মসজিদ আল-হারামের পরে পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

প্রবন্ধ

ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায় প্রথম

১৫২টি দেশের ১,২০০ টিরও বেশি শহরের ট্র্যাফিক বিশ্লেষণ করে একটি নতুন সমীক্ষা অনুসারে, বাংলাদেশের কোলাহলপূর্ণ রাজধানী ঢাকা বিশ্বের ধীরতম শহরের তালিকায়…

প্রবন্ধ

মুসলমানদের জন্য রবিউল আউয়ালের শিক্ষা

হে মুসলমানগণ! রবিউল আউয়াল মাসে, সমস্ত মানবজাতির জন্য রহমতস্বরূপ, চূড়ান্ত নবী ও রসূল হিসাবে মুহাম্মদ (সাঃ)-কে নিযুক্ত করার ঘটনা ঘটেছিল। আবু আল-হাসান…